নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি প্রধাননগর বাঘাযতীন কলোনি এলাকার শ্রীশ্রীরামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ বেদান্ত আশ্রম–এ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, যথাযোগ্য মর্যাদায় পালিত হল যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ জন্মতিথি। আশ্রম সূত্রে জানা যায়, দিনভর নানা ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই পুণ্যতিথি।

সকালে মঙ্গলারতি দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বিশেষ পূজা ও ভক্তিগীতি পরিবেশিত হয়। বেলা ১১টায় আয়োজিত আলোচনা সভায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনদর্শন ও মানবকল্যাণের বাণী নিয়ে আলোকপাত করেন আকাশবাণী-খ্যাত বিশিষ্ট সঞ্চালক অতনু চৌধুরী সহ অন্যান্য বক্তারা। তাঁরা বলেন, শ্রীরামকৃষ্ণের সার্বজনীন ভাবনা আজও সমান প্রাসঙ্গিক—ধর্মের মর্মে আছে প্রেম, সহিষ্ণুতা ও মানবসেবা।
ঠাকুরের অমর বাণী—“যত মত তত পথ”—ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। আবার তিনি বলেছিলেন, “জীব সেবাই শিব সেবা,” অর্থাৎ মানুষের সেবার মধ্যেই ঈশ্বরসাধনা। এই আদর্শকে সামনে রেখেই আশ্রমে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়। দুপুরে বিপুল সংখ্যক মানুষের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের প্রধান পর্ব সমাপ্ত হয়।
আশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিরূপানন্দ মহারাজের পক্ষ থেকে জানানো হয়, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি, ফাল্গুনে শুক্লা দ্বিতীয়া তিথি– কামারপুকুরে জন্মগ্রহণ করেন। তাঁর আবির্ভাব তিথি প্রতি বছর তিথি অনুযায়ী পালিত হয়। মানবধর্ম, ভক্তি ও আধ্যাত্মিক ঐক্যের যে বাণী তিনি রেখে গেছেন, তা আজও সমাজকে পথ দেখায়।
সারাদিনের এই আধ্যাত্মিক আয়োজনে শিলিগুড়ির বহু ভক্ত ও সাধারণ মানুষ অংশ নেন। ভক্তি, ভাব ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উদযাপন এক অনন্য পরিবেশ সৃষ্টি করে আশ্রম প্রাঙ্গণে।

