নিজস্ব প্রতিবেদন :
শহরের মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে এবার বড় উদ্যোগ। দ্রুত গতিতে এগোচ্ছে দ্বিতীয় আম্রুত প্রকল্পের কাজ, আর তারই অংশ হিসেবে শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি বিশাল জলাধার। এই জলাধার চালু হলে শহর ও আশপাশের এলাকার বাসিন্দারা সহজেই পেয়ে যাবেন পরিশ্রুত পানীয় জল।

শুক্রবার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্প শহরের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন, নারকেল ফাটানো এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের নির্দিষ্ট জমিতেই এই নতুন জলাধার তৈরি করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে শহরের জল সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
মেয়র গৌতম দেব জানান, নির্মীয়মাণ এই জলাধারে প্রায় ২৭ লক্ষ লিটার জল সংরক্ষণের ব্যবস্থা থাকবে। পুরো প্রকল্পটি বাস্তবায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জলাধারটি চালু হলে বিশেষভাবে উপকৃত হবেন শিলিগুড়ি পুরসভার ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
পুর প্রশাসনের মতে, দ্বিতীয় আম্রুত প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে শহরের আরও বিস্তীর্ণ এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। ফলে শহরবাসীর জন্য এটি এক গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

