প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক শংকর, বাংলা সাহিত্যে এক যুগের অবসান

নিজস্ব প্রতিবেদন :
বাংলা সাহিত্যজগতে নেমে এলো গভীর শোকের ছায়া। প্রখ্যাত সাহিত্যিক শংকর আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর আসল নাম ছিল মণিশঙ্কর মুখোপাধ্যায়।

জানা গেছে, এ মাসের শুরুতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার পিয়ারলেস হাসপাতালে । মূলত ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত একাধিক শারীরিক সমস্যার চিকিৎসা চলছিল সেখানে। কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং সংক্রমণের সমস্যাও ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থাতেই বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই খবর প্রকাশ্যে আসতেই বাংলা সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় লেখককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধ পাঠকরা।

বাংলা সাহিত্যে এক উজ্জ্বল অধ্যায়ের নাম ছিলেন শংকর। তাঁর কলম থেকে বেরিয়েছে একের পর এক জনপ্রিয় ও স্মরণীয় উপন্যাস। পাঠকদের মনে আজও অমর হয়ে আছে তাঁর লেখা চৌরঙ্গী, কত অজানারে, যেখানে যেমন, সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যাই, জনঅরণ্য এবং সীমাবদ্ধ-র মতো অসংখ্য উল্লেখযোগ্য সৃষ্টি।

তাঁর অসামান্য সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তাঁকে সম্মান জানানো হয় সাহিত্য অকাদেমি পুরস্কারে।
সাহিত্যিক শংকরের প্রয়াণে বাংলা সাহিত্য হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে। তাঁর সৃষ্টি, তাঁর লেখা এবং তাঁর ভাবনা বাংলা সাহিত্যের পাঠকদের কাছে চিরকাল অমলিন হয়ে থাকবে।