নবদ্বীপে ধর্মীয় আবহে প্রচারের সূচনা, মন্দির পরিক্রমায় বিজেপি প্রার্থী শ্রুতি শেখর

নিজস্ব প্রতিবেদন :
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নবদ্বীপে প্রচারের ভিন্নমাত্রা দেখা গেল। বিজেপি মনোনীত প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী বৃহস্পতিবার সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের প্রচার কর্মসূচির সূচনা করেন।

দিনের শুরুতেই তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের বিগ্রহ অবস্থিত মহাপ্রভু মন্দিরে পুজো দেন। এরপর দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে নবদ্বীপের একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিদর্শন করেন। সেবাসন মন্দির ও মহাপ্রভুর জন্মস্থান আশ্রমসহ বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণ করেন তিনি।

প্রচারের সূচনায় তিনি জানান, নবদ্বীপের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তাঁর এই উদ্যোগ। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে এলাকার মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলাই তাঁর উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।মন্দির পরিক্রমার পর তিনি দেওয়াল লিখনের মাধ্যমেও প্রচারের বার্তা পৌঁছে দেন, যা কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়ায়।

উল্লেখ্য, নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণাকে ঘিরে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। পরবর্তীতে দলের তরফে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সংগঠনের কর্মীদের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এলাকাজুড়ে প্রচার কার্যক্রম গতি পেয়েছে।