সাহিত্য-সংস্কৃতির নতুন ঠিকানা গড়ার প্রয়াসে শিলিগুড়ি, লিট ফেস্টিভ্যালে জমল সৃজনের আসর

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি কেবলমাত্র বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই নয়, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও নিজস্ব পরিচিতি গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে—এমনই এক ভিন্নধর্মী উদ্যোগের সাক্ষী থাকল শহর। এই প্রচেষ্টায় উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে শিলিগুড়ি লিটারারি সোসাইটি । সংস্থার সভাপতি সুব্রত দত্ত এবং অন্যান্য সদস্যদের উদ্যোগে শুক্রবার শিলিগুড়ির এয়ারভিউ মোড় সংলগ্ন একটি হোটেলে অনুষ্ঠিত হলো ‘শিলিগুড়ি লিট ফেস্টিভ্যাল’ বা সাহিত্য উৎসব।

সকালের দিক থেকেই শুরু হওয়া এই আয়োজনে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং নানা সৃজনশীল পর্বে ভরে ওঠে পরিবেশ। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়। দিল্লি ও কলকাতা থেকে আগত অতিথিদের মধ্যে ছিলেন হিন্দি ভাষার সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত অরুণ কমল, প্রাক্তন আমলা ও বিশিষ্ট লেখিকা যশোধরা রায়চৌধুরী, পাশাপাশি সংযুক্তা দাশগুপ্ত এবং দিল্লির সুজাতা সহ আরও অনেকে।

নেপালি ভাষার সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকরাও অনুষ্ঠানে অংশ নেন।শিলিগুড়ির লেখক শুভময় সরকার এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জানান, ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই। অন্যদিকে সংস্থার সহ-সভাপতি ও গদ্যকার সেবন্তী ঘোষ বলেন, নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বর্ডারস অ্যান্ড বাউন্ডারিস: এক্সপ্লোরিং দ্য ফ্রন্টিয়ার অফ লিটারেচার’—এই মূল ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এই সাহিত্য উৎসব গোটা দেশের নানা প্রান্তের সাহিত্যিকদের মিলনক্ষেত্র হয়ে ওঠে এবং শিলিগুড়ির সাংস্কৃতিক মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করে।