নিজস্ব প্রতিবেদন :
সরস্বতী পুজোতকে কেন্দ্র করে এ বছরও শিলিগুড়ি মহকুমার বিধান নগরে অবস্থিত মুরালীগঞ্জ হাইস্কুলে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব। দু’দিনব্যাপী এই উৎসবের সঙ্গে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল পরিবেশনা, যা বিদ্যালয় প্রাঙ্গণকে করে তুলবে উৎসবমুখর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষা রত্ন সম্মানে ভূষিত সামসুল আলম জানান, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি টানা দু’দিন ধরে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিভা মেলে ধরবে।
রাজ্যের শিক্ষা মানচিত্রে মুরালীগঞ্জ হাইস্কুল ইতিমধ্যেই একটি আলাদা পরিচিতি তৈরি করেছে। যখন ইংরেজি মাধ্যম স্কুলের রমরমায় বহু সরকারি বিদ্যালয় ছাত্রসংখ্যা হ্রাসের সমস্যায় ভুগছে, তখন এই স্কুল ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে। রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে মুরালীগঞ্জ হাইস্কুলের সুনাম।
সরস্বতী পুজোর এই আয়োজনেও সেই ব্যতিক্রমী চিন্তাধারারই প্রতিফলন দেখা যায়। জাতি-ধর্মের বিভেদ ভুলে মিলন ও সহাবস্থানের বার্তা দেওয়ার পাশাপাশি স্বনির্ভরতার পাঠ দেওয়ার লক্ষ্যেই পিঠা উৎসবকে পুজোর অঙ্গ হিসেবে তুলে ধরা হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির এই সুন্দর মেলবন্ধন নিঃসন্দেহে নজর কাড়ছে সর্বমহলে।

