নিজস্ব প্রতিবেদক :
একুশে ফেব্রুয়ারি শুধু ভাষা শহিদদের স্মরণে নয়, বহু ভক্তের কাছে এই দিনটি আরও এক বিশেষ তাৎপর্য বহন করে। আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নাম শ্রী মা-র আবির্ভাব তিথি উপলক্ষে এদিন ভক্তি, প্রার্থনা ও ধ্যানের আবহে ভরে ওঠে বিভিন্ন আশ্রম ও প্রার্থনাকেন্দ্র। সকাল থেকেই ভক্তদের উপস্থিতি, ফুল অর্পণ, প্রার্থনা ও সঙ্গীত পরিবেশনে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়, যা অনেককেই টেনে আনে এই বিশেষ অনুষ্ঠানে।

শ্রী মা বলতে বোঝানো হয় মীরা আলফাসা-কে, যিনি পন্ডিচেরীর শ্রী অরবিন্দ আশ্রম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শুধু আশ্রমের প্রতিষ্ঠাতাদের একজন নন, বরং শ্রী অরবিন্দ-এর আধ্যাত্মিক সাধনার সহযাত্রী হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। একজন উচ্চস্তরের আধ্যাত্মিক সাধিকা হিসেবে তাঁর অনুসারী আজ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে।
শনিবার তাঁর আবির্ভাব তিথি উপলক্ষে অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ির ডিভাইন লাইফ ফাউন্ডেশন মিলন পল্লী-,তে সকাল থেকেই শুরু হয় বিশেষ কর্মসূচি। ভক্তরা প্রার্থনা, ধ্যান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রী মা-র প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন।
দিনভর নানা আধ্যাত্মিক আয়োজন রাখা হয়েছিল। সকালে ফুলের সাজসজ্জা, পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর ছিল সমবেত প্রার্থনা, মন্ত্রপাঠ, বিভিন্ন ভাষায় প্রার্থনা পাঠ, দিনের বিশেষ বার্তা এবং ধ্যানের আয়োজন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আহ্বান ও মন্ত্রজপ, সঙ্গীত পরিবেশনা, শ্রী মা-র জীবনকথা তুলে ধরা, নাট্য পরিবেশনা এবং শেষে ধ্যান ও প্রসাদ বিতরণ।
ভক্তিমূলক সঙ্গীতে আধ্যাত্মিক ও মেডিটেশন আবহ তৈরি করে অদিতি শক্তি পুঞ্জ যাঁর অগ্রভাগে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল বোস।এদিন শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লক-এর অরোগাঁও এলাকাতেও শ্রী মা-কে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন বক্তা শ্রী মা-র জীবনদর্শন, আধ্যাত্মিক ভাবনা ও মানবকল্যাণের বার্তা নিয়ে আলোচনা করেন।
ডিভাইন লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিষয়ে বক্তব্য রাখেন ললিতবাবু গোয়েল, কো-অর্ডিনেটর চন্দ্রকান্ত মোহতা এবং কোষাধ্যক্ষ সঞ্জীব আগরওয়ালা সহ অন্যান্য সদস্যরা। তাঁদের কথায়, শ্রী মা-র শিক্ষা ও জীবনদর্শন আজও মানুষকে আত্মিক শান্তি ও মানবকল্যাণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
ভক্তদের মতে, প্রতি বছর এই দিনটি তাঁদের কাছে এক বিশেষ সাধনা ও আত্মশুদ্ধির মুহূর্ত হয়ে ওঠে—যেখানে প্রার্থনা, সঙ্গীত ও ধ্যানের মধ্য দিয়ে শ্রী মা-র আদর্শকে স্মরণ করা হয়।

