মাতৃভাষা দিবসে মানবতার রক্তস্রোত — শিলিগুড়ির কাওয়াখালিতে মায়েদের অংশগ্রহণে ব্যতিক্রমী রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন :
একুশে ফেব্রুয়ারি মানেই ভাষা শহিদদের স্মরণ, আর সেই স্মরণকে মানবতার বার্তায় রূপ দিতে শিলিগুড়িতে দেখা গেল এক অনন্য উদ্যোগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মায়েদের অংশগ্রহণে আয়োজিত রক্তদান শিবিরে এদিন মানবতার এক উজ্জ্বল ছবি ফুটে ওঠে। রক্তের বন্ধনে মানুষে মানুষে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন যেন নতুন করে মনে করিয়ে দিল—ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু মানবতার ভাষা এক।

প্রতিবছরের মতো এবছরও শিলিগুড়ির কাওয়াখালি নিমতলা এলাকায় অবস্থিত হাউস অফ প্রেয়ার-এ আয়োজিত হয় এই বিশেষ রক্তদান শিবির। আয়োজকদের উদ্যোগে এবছর আগের তুলনায় আরও বেশি সংখ্যক মহিলা অংশ নেন। এমনকি বহু আশা কর্মীকেও রক্তদান করতে দেখা যায়, যা শিবিরটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই মানবিক উদ্যোগ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রিপ মিনিস্ট্রি-র সমাজসেবী কৌস্তভ দত্ত এবং তাঁর স্ত্রী রোজলি দত্ত। তাঁদের আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেন শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার-এর সুপার সন্তোষ সরকার। পাশাপাশি নতুন প্রজন্মের অনেক তরুণ-তরুণীকেও এদিন রক্তদান করতে দেখা যায়।

এই উদ্যোগকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যান সংস্থা। শিবিরে সংগৃহীত রক্ত পরবর্তীতে শিলিগুড়ি জেলা হাসপাতাল-এর ব্লাড ব্যাঙ্কে জমা দেওয়া হয়।রক্তদান করতে এসে অনেকেই বলেন, রক্তের কোনো জাত বা ধর্ম নেই—রক্তের একটাই পরিচয়, তা হলো মানবতা।

ভাষা দিবসের দিনে সেই মানবতার বার্তা আরও গভীর অর্থ বহন করে। বিশেষ করে মায়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগকে এক অনন্য মাত্রা দিয়েছে।এদিন শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার সন্তোষ সরকারও এই আয়োজনের প্রশংসা করে কৌস্তভ দত্ত ও রোজলি দত্তের উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁর কথায়, সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়