নিজস্ব প্রতিবেদন :
ভারতবর্ষে ভাষা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি তুললেন বিশিষ্ট আইনজীবী সঞ্জীব চক্রবর্তী। তাঁর মতে, দেশের যে কোনো রাজ্যে পরিষেবা দিতে হলে সেই রাজ্যের প্রধান ভাষা জানা বাধ্যতামূলক হওয়া উচিত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়ি-তে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় তিনি বাংলার মর্যাদা রক্ষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও মাতৃভাষা বাংলার গুরুত্ব তুলে ধরেন। অবসরপ্রাপ্ত রেলকর্মী ধ্রুব সরকার, শিক্ষক আশীষ ঘোষ-সহ আরও অনেকেই বক্তব্য রেখে মাতৃভাষার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

