রাজগঞ্জে ২০ বছর পর কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তুষার কান্তি রায়

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। দীর্ঘ প্রায় দুই দশক পর ফের এই কেন্দ্র থেকে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে তুষার কান্তি রায়ের নাম, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি রাজগঞ্জ-এ দেবব্রত নাগের বাসভবনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কৌশল ও প্রার্থী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় একাধিক নাম উঠে এলেও শেষ পর্যন্ত তুষার কান্তি রায়কেই সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আনার সিদ্ধান্তের কথা জানানো হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, কংগ্রেসের আইএনটিইউসি-র ব্লক সভাপতি দেবব্রত নাগসহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। সভা থেকেই আনুষ্ঠানিকভাবে তুষার কান্তি রায়ের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

নির্মল ঘোষ দস্তিদার জানান, প্রায় ২০ বছর পর রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। সেই লক্ষ্যেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। তাঁর কথায়, রাজগঞ্জ থেকে তিনটি নাম প্রস্তাব হিসেবে পাঠানো হলেও তুষার কান্তি রায়কেই সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হয়েছে।

অন্যদিকে দেবব্রত নাগ বলেন, দীর্ঘদিন পর রাজগঞ্জে কংগ্রেসের প্রার্থী দেওয়ার প্রস্তুতিতে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ‘হাত’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ের সম্ভাবনায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি জানান।

এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এখন নজর থাকবে কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণার দিকে—শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হয় এবং তার প্রভাব রাজগঞ্জের নির্বাচনী সমীকরণে কতটা পড়ে, সেটাই এখন দেখার।