আধ্যাত্মিকতার আলোকযাত্রা: শিলিগুড়িতে সদগুরু স্বামী দেবানন্দ মহারাজের আগমন ঘিরে উৎসাহ

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির আকাশে আবারও এক অনন্য আধ্যাত্মিক আবহের সূচনা হলো। ভক্তদের মধ্যে নতুন করে ধর্মীয় চেতনা ও অন্তরের শান্তির বার্তা পৌঁছে দিতে শহরে এলেন বিশিষ্ট আধ্যাত্মিক গুরু সদগুরু স্বামী দেবানন্দ মহারাজ।
স্বামী দেবানন্দ মহারাজ একজন সুপরিচিত আধ্যাত্মিক পথপ্রদর্শক ও প্রজ্ঞাবান প্রবচনকার, যিনি বর্ধমানের স্বামী দেবানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত।

তিনি দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে ধর্মীয় শিক্ষা, প্রবচন ও কীর্তনের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাঁর বক্তব্যে সদগুরুর গুরুত্ব এবং এক নির্মল, বৈষম্যহীন ধর্মীয় জীবনের দর্শন বিশেষভাবে প্রতিফলিত হয়।

তিনি মনে করেন, “কোনও ধরনের বৈষম্যমুক্ত ধর্মীয় জীবনই প্রকৃত ঈশ্বরিক জীবন।” এই ভাবনাকে সামনে রেখেই তিনি সকল মানুষকে জাতি-ধর্মের বিভেদ ভুলে একত্রিত হয়ে আধ্যাত্মিকতার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

২৩শে মার্চ ২০২৬ রবিবার শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন উত্তরবঙ্গ মারোয়ারি প্যালেসে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছিলো দিনভর নানা আধ্যাত্মিক কর্মসূচি।সকালে ৮টা থেকে শুরু হয় সত্য যুগশান্তি মহানাম যজ্ঞ, এরপর সকাল ৯টায় অনুষ্ঠিত হয় দীক্ষা অনুষ্ঠান।

সকাল ১০টা৩০ থেকে ভক্তদের জন্য ছিলো দর্শন ও প্রণাম।
এরপর সকাল ১১টা থেকে শুরু হয় উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সন্ধ্যা ৬টা৩০ মিনিট পর্যন্ত চলে।দুপুর ১টা এবং রাত ৮টায় নির্ধারিত ছিলো স্বামীজির বিশেষ প্রবচন, যার পরেই ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

এই মহতী আয়োজন ভক্তদের জন্য এক বিরল সুযোগ—একদিকে আধ্যাত্মিক সাধনার স্পর্শ, অন্যদিকে জীবনের গভীর অর্থ খোঁজার এক আন্তরিক প্রচেষ্টা। শহরের নানা প্রান্ত থেকে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এই অনুষ্ঠান ঘিরে ।

আয়োজকদের পক্ষ থেকে সকলকে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়, যাতে একসঙ্গে সকলে খুঁজে নিতে পারেন শান্তি, সম্প্রীতি ও আত্মিক উন্নতির পথ।বিভিন্ন সময় অসংখ্য দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করেছেন সদগুরু স্বামী দেবানন্দ মহারাজ। বহু দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রী তাঁর আশীর্বাদ পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।

আবার অনেক গুরুতর অসুখে আক্রান্ত ব্যক্তি তাঁর আশীর্বাদে সুস্থ হয়েছেন।প্রতিভাবান এবং ব্যতিক্রমী এই মহান আধ্যাত্মিক পুরুষ মানুষের কল্যানে বহু ভক্তিমূলক সঙ্গীত রচনা করেছেন। যা এদিনের অনুষ্ঠানে পরিবেশন করেন মহারাজ অনুরাগী শিল্পীরা।সমাজের বিভিন্ন প্রান্ত বিশেষ করে বহু শিক্ষক, অধ্যাপক,চিকিৎসক, ক্রীড়া ব্যক্তিত্ব,সমাজসেবী আজ তাঁর দর্শন অনুসরণ করছেন।