রমজানকে সামনে রেখে ফলের দাম বৃদ্ধির অভিযোগ, সিউড়িতে আড়ত ও দোকানে পুলিশের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিবেদক :
রমজান মাস আসন্ন। আর তার আগেই অস্বাভাবিকভাবে ফলের দাম বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতির প্রকৃত কারণ খতিয়ে দেখতে রবিবার সকালে সিউড়ি বাস স্ট্যান্ড এলাকার ফলের দোকান ও আড়তগুলোতে হঠাৎ পরিদর্শনে যান ডিএসপি ডিইবি-র নেতৃত্বে পুলিশ আধিকারিকরা।

অভিযান চলাকালীন ফলের খুচরো দাম কত নেওয়া হচ্ছে এবং আড়ত থেকে ঠিক কত দামে বিক্রি করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। বাজারে মূল্যবৃদ্ধির পেছনে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হয়।

এই অভিযানে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট ওয়েস্টবেঙ্গল এর প্রতিনিধিরাও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতির উপর নজরদারি রাখতে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুধু সিউড়ি নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেই ফলের দাম বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। ফলে সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।