সরস্বতী পুজোর মঞ্চে মানবপাচার বিরোধী সচেতনতা, সম্প্রীতির বার্তায় উজ্জ্বল মুরালীগঞ্জ হাইস্কুল

নিজস্ব প্রতিবেদন :
সরস্বতী পুজোর আনন্দঘন পরিবেশে এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এ সি পি আব্দুল হাই সর্দার। শুক্রবার শিলিগুড়ি মহকুমার বিধাননগরের ব্যতিক্রমী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মুরালীগঞ্জ হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশেষ করে ছাত্রীদের মানবপাচারের ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

পড়ুয়াদের উদ্দেশে তিনি বোঝান, অচেনা প্রলোভন বা ভুয়ো চাকরির প্রতিশ্রুতির মতো কৌশলে কীভাবে পাচারচক্র সক্রিয় থাকে এবং সেক্ষেত্রে কীভাবে সতর্ক থাকতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমও এদিন একই প্রসঙ্গ তুলে ধরে ছাত্রছাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনের ঝুঁকি সম্পর্কেও জানাটা সমান জরুরি।

অনুষ্ঠানে আরও কয়েকজন বিশিষ্ট অতিথিও উপস্থিত ছিলেন।
সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে দু’দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার যেমন ভিড় উপচে পড়ে, শনিবারও সেই উৎসাহে ভাটা পড়েনি। দুই দিনই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে পুজোর প্রকৃত তাৎপর্য—ধর্ম, জাতি ও ভাষার ভেদাভেদ ভুলে মিলনমেলার আবহ। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, শুক্রবার ২৩ জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীও। নেতাজির স্বপ্ন ছিল ঐক্যবদ্ধ, সম্প্রীতিময় এক ভারতবর্ষ। বিদ্যার দেবীর আরাধনার এই পবিত্র দিনে মুরালীগঞ্জ হাইস্কুলের অনুষ্ঠান সেই আদর্শকেই যেন নতুন করে স্মরণ করিয়ে দিল।

বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভারতবর্ষের কথা বলা হয়, তার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে এই স্কুলের সরস্বতী পুজো। সামাজিক সচেতনতা, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন ঘটিয়ে মুরালীগঞ্জ হাইস্কুল আবারও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল