নিজস্ব প্রতিবেদক :
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর আওতায় শিলিগুড়ি পুরনিগম এলাকায় একাধিক পরিকাঠামোগত প্রকল্পের কাজ শুরু হলো। প্রায় ১৯ কোটি ৪১ লক্ষ ১২ হাজার ৮৩৩ টাকার অর্থানুকূল্যে পুরনিগমের ৪৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোট ১০২৭টি কালভার্ট, ড্রেন ও পাকা রাস্তা

নির্মাণের কাজের শুভ সূচনা করা হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।
এছাড়াও একই মঞ্চ থেকে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ১৩ কোটি ৫৮ লক্ষ ৮৮ হাজার ৭১০ টাকার বরাদ্দে ৪৭টি ওয়ার্ডে মোট ৫১টি উন্নয়নমূলক প্রকল্পের কাজেরও সূচনা করা হয়।
এই সমস্ত প্রকল্পের উদ্বোধনও মেয়র গৌতম দেবের হাত দিয়েই সম্পন্ন হয়।পাশাপাশি পুরনিগমের ১১ লক্ষ ২০ হাজার ২৫০ টাকার ব্যয়ে ২ নম্বর ওয়ার্ডে নবনির্মিত ঝিলিমিলি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
একইসঙ্গে প্রায় ২০ লক্ষ ৫ হাজার ২৩০ টাকার অর্থানুকূল্যে ৪৬ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগর পার্কের কাজেরও শুভ সূচনা করা হয়েছে মঙ্গলবার ।সব মিলিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।

