নিজস্ব প্রতিবেদন:
ময়নাগুড়ি-র ঐতিহ্যবাহী জল্পেশ মেলা ঘিরে এবার উঠল বিতর্কের ঝড়। শিবরাত্রি উপলক্ষে আয়োজিত উত্তরবঙ্গের এই জনপ্রিয় ধর্মীয় মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। তবে এবারের মেলায় ‘চিত্রাহার’-এর আড়ালে প্রকাশ্যে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ তুলেছেন বহু পুণ্যার্থী।
অভিযোগ অনুযায়ী, মেলার কিছু নির্দিষ্ট মঞ্চে উচ্চমূল্যের টিকিট বিক্রি করে যুব সমাজকে ওই ধরনের নাচের অনুষ্ঠানে আকৃষ্ট করা হচ্ছে।

এমনকি কখনও কখনও মঞ্চের পর্দা সরিয়ে দেওয়ায় মেলায় সপরিবারে আসা দর্শনার্থীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছেন। শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে আসা অনেকেই এমন দৃশ্য দেখে লজ্জায় পড়ছেন বলে জানিয়েছেন।
মেলায় উপস্থিত এক প্রবীণ পুণ্যার্থীর কথায়, আগে এই মেলায় পুতুলনাচ, সার্কাস বা পারিবারিক বিনোদনের নানা আয়োজন থাকত, যা সবাই মিলে উপভোগ করা যেত।
কিন্তু এখন যে ধরনের অনুষ্ঠান চলছে, তা সম্পূর্ণ অপসংস্কৃতির পরিচয় দিচ্ছে এবং এতে যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তিনি মত প্রকাশ করেন। তাঁর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে মেলা কমিটির সদস্য সমীরণ চক্রবর্তী জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্যিই কোনো অশালীন কার্যকলাপ প্রমাণিত হয়, তবে মেলা কমিটি ও প্রশাসন যৌথভাবে দ্রুত পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন।ঐতিহ্যবাহী এই মেলায় এমন বিতর্কিত ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

