নিজস্ব প্রতিবেদন :
কোচবিহার জেলার হলদিবাড়ির বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক ড. মহেন্দ্রনাথ রায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় আনন্দের জোয়ার বইছে উত্তরবঙ্গে। দেশের অন্যতম সম্মানজনক এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণার পর স্বভাবতই আবেগাপ্লুত হয়ে পড়েন মহেন্দ্রবাবু।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও তাঁর অবদানের স্বীকৃতি মিলেছে রাজ্য স্তরে। ২০২২ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি গ্রহণ করেছিলেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান। এবার জাতীয় স্তরে পদ্মশ্রী প্রাপ্তি তাঁর দীর্ঘ শিক্ষাব্রত ও গবেষণামূলক কাজের এক উজ্জ্বল স্বীকৃতি বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।
ড. রায় শুধু একজন প্রখ্যাত বিজ্ঞানীই নন, তিনি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হিসেবেও দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীক্ষক পদে কর্মরত রয়েছেন এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
তাঁর এই সাফল্যে বিশেষভাবে আনন্দিত উত্তরবঙ্গের রাজবংশী জনজাতির মানুষ, যাঁরা তাঁকে নিজেদের গর্ব বলে মনে করেন। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে ড. মহেন্দ্রনাথ রায় যে উচ্চতায় পৌঁছেছেন, তা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

