শিশুদের উৎসাহে মুখর সারস্বত উৎসব, অঙ্কন প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রদর্শনীতে মুগ্ধতা

নিজস্ব প্রতিবেদক :
হরিপুর, নিউ জলপাইগুড়ির আর বি স্কুল প্রাঙ্গণে ২ থেকে ৮ বছর বয়সী খুদে শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে পালিত হলো সারস্বত উৎসব। ছোটদের অংশগ্রহণেই উৎসবের আবহ হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন।উৎসব উপলক্ষে আয়োজন করা হয় দুটি বিভাগের অঙ্কন প্রতিযোগিতা।

ক বিভাগে প্রথম স্থান অধিকার করে কৌশিক বিশ্বাস, দ্বিতীয় হয় অনুশ্রী বর্মন এবং তৃতীয় স্থান পায় কৈরা প্রসাদ।
খ বিভাগে প্রথম হয় প্রিন্জল সাহা, দ্বিতীয় স্থানে ব্রিতিশা সরকার এবং তৃতীয় স্থান অর্জন করে বেদান্ত শা।

এদিনের অন্যতম আকর্ষণ ছিল খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিজ্ঞান মডেল প্রদর্শনী। ছোটদের কল্পনা, উপস্থাপনা ও আত্মবিশ্বাস উপস্থিত সকলকে মুগ্ধ করে। প্রদর্শনীর উদ্বোধন করেন শিলিগুড়ি জগদীশ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিজ্ঞান শিক্ষক আশিস পাল।

উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ছোট বয়স থেকেই বিজ্ঞানের সঙ্গে পরিচয় ঘটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুরা বুঝতে শেখে—চাঁদে কোনো “বুড়ি” চরকায় সুতো কাটে না, বরং চাঁদের বুকে দেখা কালো দাগগুলোই হলো তার প্রাকৃতিক গঠন, যেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না।

আর বি পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা পাল জানান, এত অল্পবয়সী শিশুদের দিয়ে এমন সুন্দর বিজ্ঞান প্রদর্শনী সম্ভব হয়েছে শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায়। তাঁর কথায়, ভবিষ্যতে এই শিশুদের মধ্য থেকেই হয়তো উঠে আসবে নতুন নিউটন, ডারউইন বা জেমস ওয়াট।

উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রেলওয়ে ট্রেন ম্যানেজার গৌতম দে এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমীর নন্দী।

সব মিলিয়ে, খুদে পড়ুয়াদের প্রতিভা, কৌতূহল ও সৃজনশীলতায় ভরপুর এই সারস্বত উৎসব হয়ে উঠল এক স্মরণীয় শিক্ষামূলক আয়োজন।