২০২৬ বিধানসভা নির্বাচন ঘিরে বিজেপির ‘সংকল্প পত্র’ তৈরিতে পরামর্শ বৈঠক শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন :
আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে বিজেপির ইশতেহার বা ‘সংকল্প পত্র’ প্রণয়নের উদ্দেশ্যে শিলিগুড়িতে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভার আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ।দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুব সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং ক্রীড়া

জগতের মানুষসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি এতে অংশ নেন। উপস্থিত প্রতিনিধিরা বিজেপির সংকল্প পত্রে অন্তর্ভুক্ত করার জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।আলোচনায় উঠে আসে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিল্পের প্রসার, এমএসএমই ও স্টার্টআপকে উৎসাহ দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, নারী ও যুব সমাজকে ক্ষমতায়ন, ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলার মতো একাধিক বিষয়।

পাশাপাশি দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত ও চাঁদাবাজিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলা হয়।দলের নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই এই সংকল্প পত্র তৈরি করা হবে, যাতে রাজ্যের মানুষের প্রকৃত সমস্যা ও চাহিদার প্রতিফলন ঘটে। বৈঠকে উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার—এই অভিযোগও উঠে আসে বিভিন্ন বক্তার বক্তব্যে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গাঙ্গুলি, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মর্মু সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।