নিজস্ব প্রতিবেদক :
রঙের উৎসব হোলিকে সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে শিলিগুড়ির বিভিন্ন বাজার। দোকানগুলিতে রঙ, আবির এবং নানা ধরনের পিচকারির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়।

স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, গত বছরের তুলনায় এ বছর বিক্রি কিছুটা বেশি হচ্ছে। বিশেষ করে আবিরের চাহিদা সবসময়ের মতোই বাজারে চোখে পড়ার মতো। পাশাপাশি নানা রঙের গুলাল ও রঙিন পিচকারিও ভালোই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর রং ও আবিরের দাম কিছুটা কম থাকায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে।
তবে এবারের হোলির বাজারে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘হ্যাপি হোলি’ লেখা স্টাইলিশ টি-শার্ট ও পাঞ্জাবি। মূলত সাদা রঙের এই পোশাকগুলির চাহিদা দোলের সময় সবচেয়ে বেশি থাকে। অনেকেই দোল খেলতে সাদা টি-শার্ট বা পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করেন, কারণ রঙের ছোঁয়ায় তা আরও উজ্জ্বল হয়ে ওঠে।
দামও তুলনামূলকভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকায় বিক্রি বাড়ছে বলে জানিয়েছেন দোকানদাররা। পুরনো টি-শার্টের বদলে এখন অনেকেই উৎসবের জন্য আলাদা, স্টাইলিশ পোশাক বেছে নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, এবারের হোলির বাজারে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ট্রেন্ডি ‘হ্যাপি হোলি’ টি-শার্ট।

