১০১ কলসের শোভাযাত্রায় মুখর জলপাইগুড়ি — ছট পুজোকে ঘিরে কামারপাড়ায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদন:
ছট পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের কামারপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। কামারপাড়া ছট পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় মহিলা ও পুরুষ উভয়েরই ছিল প্রাণবন্ত অংশগ্রহণ।

প্রায় ১০১ জন মহিলা ঐতিহ্যবাহী লালপাড় শাড়ি পরে মাথায় কলস নিয়ে পবিত্র ছট দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাসা ও ঢাকের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাটি কামারপাড়া থেকে শুরু হয়ে দিনবাজার, বেগুনটারী, কদমতলা ও সমাজপাড়া ঘুরে পুনরায় কামারপাড়াতেই শেষ হয়।

কামারপাড়া ছট পুজো কমিটির এক সদস্য জানান, “প্রতিবছরই আমরা ছট পুজো উপলক্ষে এই বিশাল শোভাযাত্রার আয়োজন করি। এ বছরও সেই ঐতিহ্য বজায় রেখেছি। কয়েক শতাধিক নারী-পুরুষ ঢাক-তাসার তালে অংশ নেন।”
পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ, আনন্দ আর ভক্তির মেলবন্ধন।