নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ির সেবক রোডের দুই মাইলে অবস্থিত সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে ২৩শে জানুয়ারি গভীর নিষ্ঠা, ভক্তি ও দেশপ্রেমের আবহে উদ্যাপিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

সরস্বতী পূজা উপলক্ষে সকালে বিধি মেনে দেবীর আহ্বান, পূজার্চনা, পুষ্পাঞ্জলি ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে গোটা পরিবেশ হয়ে ওঠে এক পবিত্র ও আনন্দঘন মিলনক্ষেত্র। বিদ্যালয়ের তরফে প্রকাশিত অনুষ্ঠান সূচী অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে ধর্মীয় আচার, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীরা মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ছোটদের কণ্ঠে “জয় হিন্দ” ধ্বনি আর দেশপ্রেমের সুরে আবেগঘন হয়ে ওঠে অনুষ্ঠানমঞ্চ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বল্পাহার মেলা। বিদ্যালয় প্রাঙ্গণে বসে মোট ১২টি স্টল। পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে বিভিন্ন খাবারের আয়োজন থাকায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও উৎসাহের সঙ্গে অংশ নেন। আনন্দ, আড্ডা আর খাওয়াদাওয়ায় জমে ওঠে এক পারিবারিক পরিবেশ।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে ভরপুর এই দিনটি সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

