নিজস্ব প্রতিবেদন :
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার সন্তোষিণী হাইস্কুলের মাঠে আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়ন রোধে সচেতনতার বার্তা দিতে তাঁর হাত দিয়েই শাল গাছের চারা রোপণের কর্মসূচি রাখা হয়েছে।উল্লেখযোগ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ একাধিক গণ্যমান্য ব্যক্তির।
প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের প্রতিনিধিরা। দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায়-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা করেছেন।আদিবাসী সমাজের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি রক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে প্রতিবছর এই
সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গত বছর অসমে অনুষ্ঠিত হওয়ার পর এবার উত্তরবঙ্গের মাটিতে বসছে এই গুরুত্বপূর্ণ সভা। কাউন্সিলের কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানিয়েছেন, দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক ও প্রতিনিধিরা এতে অংশ নেবেন এবং রাষ্ট্রপতির হাত ধরেই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ফাঁসিদেওয়া এলাকায় ইতিমধ্যেই জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রশাসনের তৎপরতায় গোটা এলাকা এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে।

