ভোটের আগে প্রকল্পের জোয়ার, যুব সাথী শিবিরে উপচে পড়া ভিড় জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন :
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও প্রস্তুতির আবহ স্পষ্ট। এরই মধ্যে রাজ্যজুড়ে বিশেষ সাড়া ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডার এবং নতুন চালু হওয়া যুব সাথী প্রকল্প।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি এবং যুব সাথী নামে নতুন উদ্যোগ ঘোষণার পর থেকেই উপভোক্তাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। গত কয়েকদিন ধরে এই দুই প্রকল্পের সুবিধা পেতে আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক পড়ে যায় বিভিন্ন শিবিরে। ২৬ ফেব্রুয়ারি ছিল ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আর সেই শেষ দিনেই দেখা গেল জনসমুদ্রের চিত্র।

জলপাইগুড়ি পুরসভার অধীন ডিবিসি রোডের মাদ্রাসা মাঠে আয়োজিত যুব সাথী শিবিরে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররাই সরাসরি ফর্ম পূরণের কাজে হাত লাগান।

এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা জানান, নির্ধারিত শেষ দিন হওয়ায় রাত পর্যন্ত শিবির খোলা রেখে আগত প্রত্যেককে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।
ভোটের প্রাক্কালে সামাজিক প্রকল্প ঘিরে এমন উৎসাহ যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলাদা তাৎপর্য বহন করছে, তা বলাই বাহুল্য।