নিজস্ব প্রতিবেদন :
কুষ্ঠ রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুয়ার্সের বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩০ জানুয়ারি একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ‘স্পর্শ কুষ্ঠ সচেতনতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে রোগ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি শিবিরে আগত মানুষদের কুষ্ঠ রোগের লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশদে জানান।রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এ.এন.এম. সোনালী সামন্ত অনুষ্ঠানে বলেন, কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। সঠিক সময়ে রোগ নির্ণয় করে নিয়মিত ওষুধের সম্পূর্ণ কোর্স শেষ করলে রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন কুষ্ঠ নিরাময়ের ওষুধের সম্পূর্ণ কোর্স সফলভাবে শেষ করা এক ব্যক্তিকে মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই উদ্যোগের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হয়— কুষ্ঠ রোগীও চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
স্বাস্থ্যকর্মীরা আরও জানান, কুষ্ঠ রোগ মূলত সংক্রমণের মাধ্যমে ছড়ালেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থায় থাকলে জটিলতা বাড়তে পারে, তবে সরকারি ব্যবস্থায় দ্রুত চিকিৎসা শুরু করলে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।এই সচেতনতা শিবিরের মাধ্যমে বানারহাট এলাকায় কুষ্ঠ রোগ নিয়ে সামাজিক ভীতি ও কুসংস্কার দূর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

