নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ২৭ মার্চ সকালে বালুরঘাটে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল শহরবাসী। রাস্তার ধারে এক ঘণ্টার জন্য আয়োজন করা হয় ওপেন স্ট্রিট লাইব্রেরির, যেখানে নাট্যপ্রেমীদের জন্য রাখা হয়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ নাটকের বই। এই উদ্যোগ নেয় কথক নাট্য বিদ্যালয় (শিশু কিশোর), বালুরঘাট।

এই খোলা লাইব্রেরিতে উপস্থিত ছিল নানা উল্লেখযোগ্য গ্রন্থ— উৎপল দত্ত-এর নাটক সমগ্র, নভেন্দু সেন-এর নাট্যসংগ্রহ, কনস্তান্টিন স্তানিস্লাভস্কি-র Actor’s Preparation, শাঁওলি মিত্র-এর নাথবতী অনাথবৎ, অনজন দাশগুপ্ত-এর অভিনয় বিষয়ক বই, ড. সরোজ মোহন মিত্র-এর একাঙ্ক নাটকের রূপরেখা এবং জোছন দস্তিদার-এর পান্থজনের নাটক সহ আরও নানা বই।
চায়ের কাপ হাতে নিয়েই বইগুলোর পাতা উল্টে দেখেন নাট্যকর্মী ঝন্টু হালদার ও রাকেশ প্রামাণিক। পাশাপাশি পথ দিয়ে যাওয়ার সময় এই ব্যতিক্রমী আয়োজন দেখে আকৃষ্ট হয়ে বই ঘেঁটে দেখেন সাধারণ মানুষও, তাঁদের মধ্যে ছিলেন বিমল দত্ত ও বিনায়ক কৃষ্ণ মজুমদার।
রাস্তার ধারে সাজানো এই লাইব্রেরির পেছনে টাঙানো পোস্টারে ফুটে ওঠে বালুরঘাটের ১১৭ বছরের নাট্য ঐতিহ্য। সেখানে শহরের বিভিন্ন নাট্যদলের নাম, তাদের উল্লেখযোগ্য প্রযোজনা এবং একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়— বালুরঘাটে শুধুমাত্র নাটকের জন্য একটি নির্দিষ্ট ‘নাটকের দেওয়াল’ তৈরি করা হোক।
কথক নাট্য বিদ্যালয় (শিশু কিশোর)-এর সম্পাদক ও নির্দেশক তুহিনশুভ্র মন্ডল জানান, ভবিষ্যতে প্রতি মাসেই এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁদের। পাশাপাশি নাটক ও সংস্কৃতির শহর হিসেবে পরিচিত বালুরঘাটে একটি নির্দিষ্ট নাট্য দেওয়াল গড়ে তোলার দাবিও তাঁরা জোরালোভাবে তুলেছেন।

