নয় বছরের সুকৃতি পালের সাফল্যের নৃত্য— ‘সুপার ডান্সার’ চ্যাম্পিয়ন হয়ে সবার মন জয় করছে,এই বয়সেই ওর ভিতরে সুন্দর মানবিক মূল্যবোধ

নিজস্ব প্রতিবেদন :
মাত্র ন’ বছর বয়স সুকৃতি পালের। শিলিগুড়ির হায়দরপাড়ার বাসিন্দা এই চতুর্থ শ্রেণির ছাত্রী ইতিমধ্যেই হয়ে উঠেছে এক বিস্ময় প্রতিভা। নৃত্য, যোগাসন, জিমন্যাস্টিকস, অঙ্কন, হস্তশিল্প— সব ক্ষেত্রেই তার প্রতিভার ছোঁয়া স্পষ্ট।

তবে শুধু প্রতিভাই নয়, সুকৃতির হৃদয়ে রয়েছে মানবিকতারও গভীর ছাপ। এই অল্প বয়সেই সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া শিশুদের জন্য ভাবতে শিখেছে সে। নিজের জন্মদিনে বন্ধুদের সঙ্গে বিলাসী উদযাপন নয়— বরং গরিব, অনাথ ও পথশিশুদের পেট পুরে খাইয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায় ছোট্ট সুকৃতি।

সম্প্রতি সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’-এ চ্যাম্পিয়ন হয়ে দেশজুড়ে শিরোনামে উঠে এসেছে সুকৃতি। মুম্বাইয়ের ফিল্মসিটিতে অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন সে সংস্পর্শে এসেছে শিল্পা শেট্টি, মিঠুন চক্রবর্তী, গোবিন্দা-সহ আরও বহু সেলিব্রিটির। প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন সুকৃতির নৃত্য প্রতিভায়।

ভরতনাট্যম থেকে হিপ-হপ কিংবা ব্রেকিং— সব ধারার নৃত্যেই সমান দক্ষতা দেখিয়েছে সুকৃতি। পড়াশোনার পাশাপাশি সে জিমন্যাস্টিকস, যোগাসন ও সৃজনশীল নানা কাজে যুক্ত থেকেও নিজের সময়কে দক্ষতার সঙ্গে সামলাচ্ছে।

সুকৃতির বাবা সন্তু পাল একজন স্কুল শিক্ষক এবং মা শুক্লা পাল একজন গৃহবধূ। শুক্লাদেবী নিজেও একসময় কথক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। তাই মেয়ের নাচের প্রতি গভীর টান অনুভব করে ছোটবেলা থেকেই সুকৃতিকে নৃত্যচর্চার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

সাম্প্রতিক শ্যামাপুজোয় শিলিগুড়ির হায়দরপাড়ার মহামায়া স্পোর্টি ক্লাব, যুব সংঘ ও শিব সংঘের উদ্যোগে ‘সুপার ডান্সার’ চ্যাম্পিয়ন সুকৃতিকে সংবর্ধনা জানানো হয়।এর বাইরে সম্বর্ধনা প্রদান করেছিলো  আরও ক্লাব। সেইসব ক্লাবের নাম হলো পানিটাংকি মোড় যুবকবৃন্দ, শরৎচন্দ্রপল্লী ইউনাইটেড ক্লাব ।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শুভানুধ্যায়ীর সকলে গর্ব অনুভব করেছেন এই ছোট্ট নৃত্যশিল্পীর সাফল্যে।

আজ নয় বছরের এই মেয়ে শুধু প্রতিভার নয়, মানবিক মূল্যবোধ ও জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরও এক অনন্য উদাহরণ। বড় হয়ে নৃত্য নিয়েই উচ্চশিক্ষা গ্রহণ করে একজন নৃত্যশিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে সুকৃতি।

সত্যিই, সুকৃতি পাল আজ শিলিগুড়ির গর্ব— এক উজ্জ্বল প্রতীক, যেখানে প্রতিভা, অধ্যবসায় ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে।