ইসলামপুরে দুই স্কুলে সচেতনতা ক্লাস : মানবপাচার ও সাইবার ক্রাইম প্রতিরোধে ছাত্রছাত্রীদের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদন:
ইসলামপুর শহরের ইসলামপুর গার্লস স্কুল ও ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যালয়ে সচেতনতা ক্লাসের আয়োজন করল ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি। মানবপাচার, সাইবার ক্রাইম, মোবাইল আসক্তি, সামাজিক মূল্যবোধ ও রক্তদানের গুরুত্ব—এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

এদিন সোসাইটির সদস্যরা অভিনয়ের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে বিষয়গুলো সহজভাবে ছাত্রছাত্রীদের বোঝান। নাট্যরূপে উপস্থাপিত দৃশ্যগুলি ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে এবং তারা মনোযোগ সহকারে বার্তাগুলি গ্রহণ করে। সচেতনতা পর্বের শেষে আয়োজিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সোসাইটির সদস্য কণিকা, মধুমিতা, আনসাদ ও শুভজিৎ জানান, তাঁদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা এবং ছাত্রছাত্রীদের বোঝানো যে কীভাবে সাইবার ক্রাইম ও মানবপাচারের মতো অপরাধ সংঘটিত হয় এবং সেগুলি থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়।

সংস্থার কর্ণধার বাপন দাস বলেন, “আমরা একে একে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই সচেতনতা কর্মসূচি চালিয়ে যাব, যাতে আগামী প্রজন্ম আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠতে পারে।”

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্ষুদিরামপল্লি সুকান্ত স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত দে এবং ইসলামপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা সাহা ব্যানার্জী। তাঁরা বলেন, এমন কর্মসূচি ছাত্রছাত্রীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে।