নিজস্ব প্রতিবেদন:
রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিলিগুড়িতে শুরু হয়েছে ‘উন্নয়নের পাঁচালী’ নামে এক বিশেষ টেবলো প্রচার অভিযান। বৃহস্পতিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় এক অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।

তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র, একাধিক কাউন্সিলর এবং পুরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা।মেয়র গৌতম দেব জানিয়েছেন, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী-সহ রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুফল মানুষের কাছে সহজে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘উন্নয়নের পাঁচালী’ টেবলোটি শিলিগুড়ি পুর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলি ছাড়াও ডাবগ্রাম-ফুলবাড়ি এবং আশপাশের বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করবে।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রচার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মেয়র। এই সময়কালে পুরনিগমের প্রতিটি ওয়ার্ড এবং জনবহুল এলাকায় গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের ছবি মানুষের সামনে তুলে ধরা হবে। তাঁর মতে, উন্নয়নের কাজ করার পাশাপাশি তার বার্তা জনগণের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি।
এই ধরনের প্রচার অভিযানের মাধ্যমে রাজ্য সরকারের উদ্যোগগুলি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

