নিজস্ব প্রতিবেদন:
২৫ ডিসেম্বর বড় দিনের আগের দিন, বুধবার ২৪ ডিসেম্বর থেকেই শিলিগুড়িতে সূচনা হলো বহুল প্রতীক্ষিত উত্তরবঙ্গ পৌষ মেলা। এই ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মেলা শুরুকে কেন্দ্র করে এদিন বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শীতের তীব্রতাকেও হার মানায়।

প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই শোভাযাত্রায় অংশ নেয় খুদে শিশু থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক দলের শিল্পীরা। আয়োজকদের তরফে বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা, বিদ্যাবতি আগরওয়ালা ও দেবাশীষ ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় প্রখ্যাত নৃত্য শিক্ষিকা সঙ্গীতা চাকি ও সঙ্গীতশিল্পী মৌসুমী দাশগুপ্তকেও।
বর্ণাঢ্য এই শোভাযাত্রা শেষ হয় সূর্য সেন পার্ক সংলগ্ন মহানন্দা নদীর তীরে, যা উত্তরবঙ্গ পৌষ মেলার মাঠ হিসেবে পরিচিত। সেখানেই অনুষ্ঠিত হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. সুবল দত্ত, আইএমএ-র শিলিগুড়ি শাখার সম্পাদক ডা. শঙ্খ সেন এবং প্রবীণ সাংবাদিক ও লেখক নিধূভূষণ দাস। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবাশীষ ভট্টাচার্য।
আয়োজকদের পক্ষে জ্যোৎস্না আগরওয়ালা জানান, শীতের কড়াকড়ি সত্ত্বেও উদ্বোধনের প্রথম দিন থেকেই পৌষ মেলাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মেলায় রয়েছে নানা রকম পিঠে-পুলির স্টল সহ বিভিন্ন আকর্ষণীয় দোকান। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানই মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। উদ্বোধনী দিন থেকেই স্থানীয় সঙ্গীত ও নৃত্য শিল্পীদের মধ্যে এই মেলাকে কেন্দ্র করে বিশেষ উদ্দীপনা দেখা গেছে।
উল্লেখ্য, শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌষ মেলা শুধু বিনোদনের ক্ষেত্রই নয়, নদী সংরক্ষণ ও পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

