নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি পৌর নিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সোমবার, ১২ জানুয়ারি, শিলিগুড়ি শহরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর শোভাযাত্রা। বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয়ে হাসমি চক ও হিলকার্ট রোড অতিক্রম করে তা পৌঁছয় বিবেকানন্দ মোড়, তথা ঝংকার মোড়ে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর সহ রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি মহারাজগণ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশগ্রহণ করেন শোভাযাত্রায়।
হাতে স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শহরের রাজপথে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল ডন বস্কো স্কুলের খুদে ছাত্র শৌনক ভাদুড়ি। স্বামী বিবেকানন্দ সেজে একটি রথে করে শোভাযাত্রায় এগিয়ে যেতে দেখা যায় তাকে, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।
উল্লেখযোগ্য যে, কিছুদিন আগেই শ্রী সারদা সংঘ শিলিগুড়ি টাউন শাখার এক অনুষ্ঠানে শৌনক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকায় অভিনয় করে তার অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছিল।শোভাযাত্রা শেষে ঝংকার মোড়ে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরন উন্মোচন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী জীবনানন্দ মহারাজ ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবনাকে স্মরণ করে শহরবাসীর মধ্যে উদ্দীপনা ও শ্রদ্ধাবোধের এক অনন্য আবহ সৃষ্টি হয়।

