প্রধানমন্ত্রীর সফরের আগেই মালদহে তৎপর পুলিশ, আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেপ্তার; বিএসএফ জওয়ানদের আমন্ত্রণ জানালেন বিধায়ক

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদহ জেলা সফরের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারির মধ্যেই বড়সড় সাফল্য পেল মালদহ পুলিশ। রতুয়া থানার অন্তর্গত সামসি ফাঁড়ির পুলিশের অভিযানে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম উত্তম রায়,বয়স ২৬। তিনি মালদা শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা।

সামসি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি পাইপগান ও ৫ রাউন্ড গুলি। প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সূত্রেই এই সাফল্য বলে পুলিশ মনে করছে।

এদিকে, মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিকে ঘিরে অন্য এক উল্লেখযোগ্য উদ্যোগ নিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার বিধানসভার কুমার ও কেষ্টপুর এলাকায় গিয়ে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান ও আধিকারিকদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

আগামী ১৭ই জানুয়ারি মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বিএসএফ জওয়ানদের বিশেষভাবে আমন্ত্রণ জানান বিধায়ক।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনের নিরাপত্তা তৎপরতা জোরদার হয়েছে, তেমনই অন্যদিকে দেশের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছেন জনপ্রতিনিধিরাও।