নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার, ১৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এদিন গোটা এলাকা জুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, যা চোখে পড়ার মতোই ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের একাধিক মাননীয় বিচারপতি ও কলকাতা হাইকোর্টের বিশেষ কয়েকজন বিচারপতি। তাঁদের উপস্থিতিতেই সার্কিট বেঞ্চের সূচনা হয়, যা উত্তরবঙ্গবাসীর কাছে এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের মানুষের দাবি ছিল কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ এই অঞ্চলে স্থাপনের। এতদিন মামলার প্রয়োজনে দূর কলকাতা যেতে হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হত।
জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু হওয়ায় বিচারপ্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা আইনজীবী মহল ও সাধারণ মানুষের।রাজ্য প্রশাসনের মতে, এই সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গের আইনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং ন্যায়বিচার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।

