বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত কবি সুকান্ত হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি জংশন পাতিকলোনিতে অবস্থিত কবি সুকান্ত হাই স্কুলে আনন্দ ও উৎসবের আবহে শেষ হলো রজত জয়ন্তী বর্ষ উদযাপন। গত ১৫ ও ১৬ জানুয়ারি বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাতিকলোনি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ক্লাব সংলগ্ন মাঠে দু’দিনব্যাপী এই অনুষ্ঠান ঘিরে গোটা বিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আমেজ।

রজত জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই রজতজয়ন্তী বর্ষকে কেন্দ্র করে বিদ্যালয়ের পক্ষ থেকে একাধিক শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রহণ করা হয়।

গত বৃহস্পতিবার ও শুক্রবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি ঘটে। প্রথম দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানা রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশিত একটি নজরকাড়া নাটক দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে বাউল ও দোতারা ব্যান্ডের পরিবেশনা এবং রাজ্য ভাওয়াইয়া দলের অনুষ্ঠান ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনাও সকলের প্রশংসা কুড়ায়।১৬ জানুয়ারি বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম,এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগড়, বিদ্যালয়ের প্রয়াত প্রথম প্রধান শিক্ষক অজয় হালদারের স্ত্রী তথা প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা হাজরা, শিক্ষক নেতা সুপ্রকাশ রায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা কামতাপুর ভাষা কমিটির প্রতিনিধি বজলে রহমান-সহ আরও অনেকে।

প্রথম দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবশ্রী সাহা চৌধুরী এবং দ্বিতীয় দিনের সঞ্চালনায় ছিলেন সোমা দাস ও নাজনিন সুলতানা।এদিন বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটি তথ্যচিত্র পরিবেশন করা হয়, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাট্যরূপে তা তুলে ধরে। এছাড়াও কুমোরপাড়ার গরুর গাড়ি ও পালকির চিত্র এবং ‘নতুন যৌবনেরই দূত’-এর ভাবনায় একটি বিশেষ নৃত্য কোলাজ পরিবেশন করে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা।

বাচিক শিল্পী ও শিক্ষিকা সোমা দাসের ভাবনা ও পরিকল্পনায় নির্মিত এইসব নৃত্য- নাটক পরিবেশন দর্শকদের বিশেষ প্রশংসা অর্জন করে। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও রূপায়ণে বিশেষ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস এবং সহশিক্ষক সুদীপ্ত ঘোষ।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগড়, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাস, কাউন্সিলর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মুন্সি নুরুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা হাজরা, বরো চেয়ারম্যান গার্গি চ্যাটার্জি, কাউন্সিলর বিমান তপাদার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দেশাত্মবোধক একটি তথ্যচিত্র ছাত্রছাত্রীরা পরিবেশন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন মালদা থেকে আগত ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী রাভা ইয়াসমিন। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে বিদ্যালয়ের থিম সং রচনা করেন শিক্ষিকা সোমা দাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস জানান, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আরও উৎসাহ জোগাবে। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জন্য তিনি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।