নিজস্ব প্রতিবেদন :
কোচবিহারের পূর্ব হাজরাপাড়ার বাসিন্দা প্রতিভাবান সঙ্গীত শিল্পী অর্পিতা সরকারকে সংবর্ধনা জানাল বাংলা গান উৎসব কমিটি। ১৯ জানুয়ারি রাতে শিলিগুড়ির প্রধান নগরের মার্গারেট হাইস্কুল প্রাঙ্গণে বাংলা গান উৎসবের সমাপ্তি দিনে তাঁর হাতে সংবর্ধনা সম্মাননা তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বিশেষ মুহূর্তে বাংলা গান উৎসব কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশনার শেষে অর্পিতাদেবীকে এই সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করে অনেক আগেই রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে দুটি গান প্রকাশ করেছিলেন অর্পিতা সরকার।
রাঘব চট্টোপাধ্যায় ছাড়াও কুমার শানু, উদিত নারায়ন, অনুপ জলোটার মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। পাশাপাশি বহু বিশিষ্ট শিল্পীর সান্নিধ্যও লাভ করেছেন অর্পিতা সরকার। তাঁর কণ্ঠের মাধুর্যে বারবার মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা।
শৈশবকাল থেকেই সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত অর্পিতাদেবী। তাঁর পিতা প্রয়াত আদিত্য মোহন সরকার নিজ হাতে তাঁকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা দেন। অর্পিতার দিদি, শিলিগুড়ি নিবাসী অর্চিতা সেনও একজন সঙ্গীত শিল্পী। রাঘব চট্টোপাধ্যায়সহ একাধিক প্রখ্যাত শিল্পীর সঙ্গে বোনের দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সাফল্যে তিনি গর্বিত বলে জানান অর্চিতা সরকার।

