নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো ১২তম ওয়েস্ট বেঙ্গল কুডো ট্রেনিং ক্যাম্প ও উইমেনস সেল্ফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প ২০২৬। একইসঙ্গে আয়োজন করা হলো চতুর্থ ওয়েস্ট বেঙ্গল কুডো ফ্রেন্ডশিপ কাপ ২০২৬–এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শিলিগুড়ি সেভোক রোডের উত্তরবঙ্গ মারওয়ারি প্যালেসে আয়োজিত শনিবারের এই কর্মসূচিকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের হেড কোচ তথা সেমিনার ইনচার্জ সিহান জসমিন মাকওয়ানা। তিনি বলেন, কুডো শুধু একটি মার্শাল আর্ট নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার এক অনন্য মাধ্যম। বিশেষ করে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজকের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে মেয়েরা আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হয়ে উঠতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গের বিশিষ্ট কুডো প্রশিক্ষক সিহান সহদেব বর্মন জানান, বাংলায় কুডো চর্চা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন করে তুলতে এই ধরনের প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তিনি বলেন, “কুডো শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক শক্তিকেও সমান গুরুত্ব দেয়, যা শিক্ষার্থীদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে।”
এদিন শিলিগুড়িতে উপস্থিত ছিলেন সেমিনার ইনচার্জ রেনসি প্রিয়াঙ্কা রানা। তিনি বিশেষভাবে মহিলাদের অংশগ্রহণের প্রশংসা করে জানান, আত্মরক্ষা এখন বিলাসিতা নয়, প্রয়োজন। মেয়েদের ছোটবেলা থেকেই এই প্রশিক্ষণ দেওয়া হলে সমাজে তাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে।
শিবিরে অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন কুডো কৌশল, আত্মরক্ষার পদ্ধতি এবং ফিটনেস ট্রেনিং শেখানো হয়। প্রশিক্ষণের সময় অংশগ্রহণকারীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং উত্তরবঙ্গে কুডো চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

