নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি শহরে শিলিগুড়ি কলেজের প্লাটিনাম জুবিলী উদযাপনের সমাপনী পর্ব ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। ২৫ ও ২৬ জানুয়ারি আয়োজিত দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল দর্শকসমাগমের সম্ভাবনা থাকায় শৃঙ্খলা বজায় রাখতে একাধিক নির্দেশিকা জারি করে কলেজ কর্তৃপক্ষ। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যান চলাচল ও গাড়ি পার্কিং সংক্রান্ত ব্যবস্থাপনায়।

দু’দিনই সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। ২৫ জানুয়ারি মঞ্চে ছিলো ‘বাংলা ফকিরা’ ব্যান্ড, আর ২৬ জানুয়ারি জমবে ‘পলক মুছলে’র অনুষ্ঠান। কলেজ প্রাঙ্গণে প্রায় ২০০০ দর্শকের বসার ব্যবস্থা থাকলেও অনুষ্ঠানটি সম্পূর্ণ পাস-ভিত্তিক। ফলে শুধুমাত্র নির্দিষ্ট আমন্ত্রিত অতিথিরাই প্রবেশাধিকার পাচ্ছেন।
নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অনুষ্ঠান চলাকালীন কলেজের আশপাশের একাধিক রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে। ট্রাফিক সামলাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারাই দর্শকদের সঠিক পথে পৌঁছাতে সাহায্য করছেন। কলেজ চত্বরে বা তার নিকটবর্তী এলাকায় কোনও গাড়ি দাঁড় করানো যাচ্ছে না।
দর্শকদের সুবিধার্থে আলাদা পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে। দু’চাকার যানবাহন রাখা যাচ্ছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এবং চার চাকার গাড়ির জন্য ব্যবস্থা রয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল মাঠে। নির্ধারিত জায়গা ছাড়া অন্যত্র গাড়ি পার্ক করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়াও শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে কলেজ হয়ে শিশু উদ্যান মোড় পর্যন্ত এবং বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব থেকে কলেজের ১ নম্বর গেট পর্যন্ত রাস্তায় নো-এন্ট্রি বলবৎ রয়েছে । এই পথগুলো দিয়ে শুধুমাত্র অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে প্রবেশ করতে পারবেন। কলেজ প্রশাসনের বিশ্বাস, সকলের সহযোগিতায় নিয়ম মেনে চললে প্লাটিনাম জুবিলীর শেষ পর্ব সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে

