দক্ষিণ ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এবার শিলিগুড়িতে, বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাড়া

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বহু মানুষ উন্নত চিকিৎসার আশায় প্রতিদিনই দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে ছুটছেন। স্থানীয় স্তরে চিকিৎসা পরিষেবা নিয়ে হয়রানি ও ভুল চিকিৎসার অভিযোগ ক্রমশ বাড়তে থাকায় অনেকে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ এমনকি মুম্বাইয়ের মতো শহরে যাচ্ছেন চিকিৎসার জন্য। যাতায়াত, থাকা ও চিকিৎসা—সব মিলিয়ে সেই খরচ সাধারণ মানুষের পক্ষে হয়ে উঠছে অত্যন্ত কষ্টসাধ্য।

এই প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়তে শুরু করেছে। বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকেরাই এবার রোগীদের কাছে পৌঁছে যাচ্ছেন শিলিগুড়িতে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে তাঁদের এই আগমন ঘিরে ইতিমধ্যেই শহরে ব্যাপক সাড়া পড়েছে।

বেঙ্গালুরু ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আল্ট্রা লাইফ ইন এমারজেন্সি প্রাইভেট লিমিটেড–এর সমাজসেবী ও মহিলা চিকিৎসক ডাঃ রোজি ডি এই উদ্যোগের মূল প্রবর্তক। শিলিগুড়ির ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি–র সমাজসেবী পূজা মোক্তার ও অরুণ দাস–এর সহযোগিতায় আগামী ছয় মাস ধরে শিলিগুড়িতে ধারাবাহিকভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হচ্ছে।

এই শিবিরগুলিতে বেঙ্গালুরু থেকে বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে সরাসরি রোগী দেখছেন। ২৫ জানুয়ারি এ উপলক্ষে শিলিগুড়ি সেবক রোডের সমৃদ্ধি হাসপাতাল–এ আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ কৌশিক সুব্রামানিয়ান, থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ ডাঃ স্ট্যালিন রামপ্রকাশ এবং কিডনি রোগ বিশেষজ্ঞ তথা নেফ্রোলজিস্ট ডাঃ মাধব দেশাই।

শিবির চলাকালীন ডাঃ রোজি ডি জানান, দেশের বিপুল সংখ্যক মানুষ এখনও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতন নন, যার ফলেই নানা অসুখ বাড়ছে। তিনি বলেন, উত্তরবঙ্গের বহু মানুষ বাধ্য হয়ে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাচ্ছেন, যেখানে যাওয়া-আসা ও থাকার খরচই অনেকের পক্ষে বড় বোঝা।

সেই সমস্যার কথা মাথায় রেখেই দক্ষিণ ভারতের অভিজ্ঞ চিকিৎসকদের শিলিগুড়িতে এনে বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হচ্ছে। তাঁর মতে, এই উদ্যোগ বহু মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।

ইতিমধ্যেই অসংখ্য মানুষ এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন। যাঁদের পক্ষে আগে বেঙ্গালুরু গিয়ে ডাক্তার দেখানো সম্ভব ছিল না, তাঁদের সেই স্বপ্ন এখন পূরণ হচ্ছে শহরেই।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ জানুয়ারির শিবিরের পর আগামী ফেব্রুয়ারি মাসেও বেঙ্গালুরু থেকে আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক শিলিগুড়িতে এসে পরিষেবা দেবেন।যোগাযোগের জন্য নম্বর : 7760323793 / 7760302900