প্রজাতন্ত্র দিবসের আবহে শিলিগুড়ির আসরফনগরে সাংস্কৃতিক সন্ধ্যা, গুণীজনদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির আসরফনগরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি। দেশাত্মবোধ, ভাষা ও সংস্কৃতির আবহে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত হন বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়, বাংলা ভাষা আন্দোলনের সংগঠক সজল কুমার গুহ, অনিল সাহা, আন্তর্জাতিক বাংলা ভাষা আন্দোলনের শিলিগুড়ি শাখার নেত্রী অর্চনা মিত্র, সমাজসেবী অজয় ট্যান্ডন,দেবিকা দাস এবং চিকিৎসক ডা. রোজি ডি সহ আরও অনেকে।

সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান জানানো হয়। সম্মান প্রদান করেন শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা পূজা মোক্তার।এদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে তারা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ এবং প্রজাতন্ত্র দিবসের চেতনাকে তুলে ধরার আন্তরিক প্রয়াস।