উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের ইঙ্গিত, শুক্রবার-শনিবার ঘন কুয়াশার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক :
উত্তরবঙ্গের আবহাওয়ায় বদলের আভাস মিলেছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিবর্তন ঘটছে বলে আবহাওয়াবিদদের মত।

এদিকে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা নামার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশা দু-এক জায়গায় দেখা যেতে পারে। তবে দিনের বেলায় আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে এবং রোদেলা আবহাওয়াই প্রাধান্য পাবে। বিশেষ করে ৩০ ও ৩১ জানুয়ারি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার প্রকোপ বেশি থাকতে পারে।

কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, প্রায় ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় শীতের তীব্রতা তেমন থাকবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫–১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তা ১২–১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

দার্জিলিং পার্বত্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গের উঁচু এলাকার অন্যান্য জেলায় তা ১১–১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং অপেক্ষাকৃত নীচু এলাকার জেলাগুলিতে ১৩–১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।