নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি আবারও প্রস্তুত রঙিন পাপড়ির উৎসবে মেতে উঠতে। উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ও প্রতীক্ষিত আয়োজন ৪২তম নর্থ বেঙ্গল ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি। এই উপলক্ষে শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর প্রায় তিন হাজার টবের নানান প্রজাতির ফুল দিয়ে এক মনোমুগ্ধকর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ফুল প্রদর্শনীর পাশাপাশি থাকছে নানা শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ফুল চাষ, পরিচর্যা ও বিপণন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতারও ব্যবস্থা রাখা হয়েছে।
উৎসবের শেষ দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় আয়োজিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী খোলা থাকবে। ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে গ্রুপ পাসের সুবিধাও রাখা হয়েছে। এছাড়াও মাটিগাড়া সায়েন্স সেন্টার তাদের বৈজ্ঞানিক কর্মকাণ্ড তুলে ধরার সুযোগ পাবে এই মেলায়।
স্থানীয় কৃষকদের উৎসাহ দিতে উৎসবে একটি বিশেষ মঞ্চ রাখা হয়েছে, যেখানে তাঁরা নিজেদের উৎপাদিত ফুল, ফল, গাছের চারা ও সবজি প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয় কৃষিজ পণ্যের প্রসার ও স্বনির্ভরতার বার্তাও তুলে ধরতে চান আয়োজকরা।
৫ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বর্ণিল ফুল উৎসব। শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে সকল ফুলপ্রেমী ও সাধারণ মানুষকে উৎসবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

