নিজস্ব প্রতিবেদন :
অবশেষে পরীক্ষার খাতায় নাম তুলতে পারল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় ডান হাতে মারাত্মক চোট লাগায় নিজে লিখতে না পারলেও রাইটারের সহায়তায় পরীক্ষায় অংশ নিল সে।

জানা গেছে, বাগনান থানার অন্তর্গত ধুমদোর এলাকার বাসিন্দা এবং শ্যামপুর নয়ন চন্দ্র বিদ্যাপীঠের ছাত্র কুন্তল খাঁড়া সোমবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। একটি দ্রুতগতির বাইক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বাগনান ২ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
চিকিৎসার পর শারীরিক অবস্থার কথা ভেবে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। কিন্তু সামনে পরীক্ষা থাকায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয় পর্ষদ।
রাতারাতি প্রয়োজনীয় অনুমোদন দিয়ে মঙ্গলবার অতিরিক্ত ব্যবস্থার মাধ্যমে কুন্তলের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়। ডান হাতে চোট থাকায় রাইটারের সাহায্যে সে পরীক্ষা দেয়।শিক্ষা দপ্তরের এই মানবিক উদ্যোগে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুন্তলের পরিবার। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের সক্রিয় ভূমিকায় এক শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে যেতে বসেও ফিরে পেল নতুন আলো।

