নিজস্ব প্রতিবেদন :
শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ডাঙ্গিবাড়ি স্কুল মাঠে আয়োজিত হলো কুল গুরু ও কুল শিষ্য ভক্ত সমাজ সেবা সংস্থার এক মহা মিলন উৎসব। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজবংশী সমাজের কুল গুরু ও শিষ্যরা এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষায় গীতা ও রামায়ণ রচয়িতা এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নগেন্দ্র নাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কুল গুরু বিপিন কান্তি অধিকারী, ঈশ্বর চন্দ্র অধিকারী সহ বিভিন্ন জেলার বহু কুল গুরু ও শিষ্য।
শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন, যার সমাপ্তি হয় রবিবার সকালে। আয়োজক কমিটির পক্ষ থেকে বিপিন কান্তি অধিকারী ও ঈশ্বর অধিকারী জানান, প্রতি বছর রাজবংশী সমাজের কুল গুরু ও শিষ্যদের নিয়ে ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি সমাজের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর ছিল এই উৎসবের ২৫তম বর্ষ, ফলে ভক্তদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণের মধ্যে ছিল ধ্বজা উত্তোলন, গীতা ও ভাগবত পাঠ, অতিথি সংবর্ধনা, ধর্মীয় আলোচনা, কীর্তন এবং সাংস্কৃতিক পর্ব। মঞ্চে কোকিল কণ্ঠে কীর্তন ও ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন ২০২২ সালের রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী শিল্পী নায়েসা সিংহ সহ অন্যান্য শিল্পীরা।
উপস্থিত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল। এই আয়োজনের মধ্য দিয়ে রাজবংশী সমাজের পারস্পরিক যোগাযোগ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে মত আয়োজকদের।
প্রতিবেদন: সুবল গোপ, চোপড়া
খবরের ঘন্টা, শিলিগুড়ি

