নিজস্ব প্রতিবেদন :
কোচবিহার শহরে আবারও প্রমাণিত হলো, সমাজে এখনো মানবিক মানুষ আছেন। শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী গৌতম সরকার এগিয়ে এলেন এক ট্যাক্সিচালকের মানবিক উদ্যোগকে সমর্থন জানাতে।জানা গেছে, ট্যাক্সিচালক শংকর রায় নিজের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওই নজরে আসে গৌতম সরকারের।
ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে গৌতম সরকার শংকর রায়ের হাতে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। ৫০০ টাকার ১০টি নোটে এই অনুদান প্রদান করা হয়, যা মূলত গাড়ির জ্বালানি খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হবে।
শংকর রায় জানান, এই প্রথমবার পরীক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে এমন সহযোগিতা পেলেন তিনি। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এখনো এই পৃথিবীতে ভালো মানুষ আছেন, যারা অন্যের ভালো কাজকে সম্মান করেন এবং পাশে দাঁড়াতে দ্বিধা করেন না।”মানবিকতার এই ঘটনা কোচবিহারবাসীর কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে রইল।

