বাচিক শিল্পী সোমা চক্রবর্তীকে সংবর্ধনা, সম্মানিত নন্দিতা ভৌমিকও

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি শহরের অরবিন্দ পল্লীর বাসিন্দা ও সুপরিচিত বাচিক শিল্পী সোমা চক্রবর্তীকে সম্প্রতি সংবর্ধনা জানানো হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদের মহকুমা গ্রন্থাগারের সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ডঃ তপতী হালদার।
দীর্ঘদিন ধরে আবৃত্তি ও বাচিক শিল্পচর্চার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সোমা দেবী।

তাঁর নিষ্ঠা ও পরিশ্রমে বহু ছাত্রছাত্রী আবৃত্তির জগতে হাতেখড়ি পেয়েছে। নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ উচ্চারণ, সাহিত্যপ্রেম ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়।

শুধু শিল্পচর্চাতেই নয়, সমাজসেবামূলক কাজেও সমানভাবে সক্রিয় সোমা চক্রবর্তী। পথ কুকুরদের সেবায় তাঁর আন্তরিক উদ্যোগ ইতিমধ্যেই অনেকের প্রশংসা কুড়িয়েছে। নিঃশব্দে, প্রচারের আলো থেকে দূরে থেকেই তিনি ইতিবাচক ও মানবিক পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট।

এদিনের অনুষ্ঠানে দক্ষ সঞ্চালনার জন্য বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা ভৌমিককেও সম্মাননা প্রদান করা হয়। তাঁর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এই আয়োজন শিলিগুড়ির সাহিত্য-সংস্কৃতি মহলে বিশেষ তাৎপর্য বহন করে।