নিজস্ব প্রতিবেদন :
আম, কাঁঠালের মতো গাছকে ঘিরে গাছের মধ্যেই সোজা উঠে গেছে এক অনন্য স্থাপত্য। লোহার শক্ত স্টিক ও পাতের কাঠামোর ভিতরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ‘গাছ বাড়ি’। ট্রী হাউস। আধুনিক সুযোগ-সুবিধায় সাজানো এই বাড়িতে রয়েছে মোট চারটি রুম, প্রতিটিতেই সংযুক্ত বাথরুম। রুমের সামনে বিস্তীর্ণ পুকুর, তার পাশেই ঝকঝকে সুইমিং পুল—সব মিলিয়ে এক অন্যরকম শান্ত পরিবেশ।

রুম চত্বরে অতিথিদের জন্য রাখা রয়েছে মাছ ধরার ছিপ ও হুইল। চারদিক জুড়ে কেবল সবুজের সমারোহ। একপাশে রয়েছে গরুর আস্তানা, আর সেই গোবর থেকেই তৈরি হচ্ছে জৈব সার। ওই সার ব্যবহার করেই চলছে সম্পূর্ণ জৈব কৃষিকাজ—ফলে অতিথিরা পাচ্ছেন টাটকা ও স্বাস্থ্যকর সবজি।
শিলিগুড়ি শহরের অদূরে শালুগাড়ার বেতগাড়ায় এই মনোরম পরিবেশে গড়ে উঠেছে রসিকলাল দ্য ফার্ম বুটিক। বিশেষ আকর্ষণ এই গাছ বাড়িতে থাকার অভিজ্ঞতা নিতে এখন পর্যটকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কলকাতা থেকে শুরু করে দার্জিলিং পাহাড় ও সিকিম থেকেও অনেকে আগাম বুকিং করে ছুটে আসছেন কয়েকটা দিন প্রকৃতির সান্নিধ্যে কাটাতে।
প্রতি ব্যক্তির জন্য এক রাতের খরচ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। অন্তত একদিন আগে বুকিং করা বাধ্যতামূলক।
এই উদ্যোগের অন্যতম কর্ণধার তরুণ উদ্যোক্তা সম্রাট ঘোষ। তাঁর কথায়, বিদেশের এক জায়গায় পর্যটকদের জন্য এমন গাছ বাড়ি দেখে তিনি অনুপ্রাণিত হন। সেই ভাবনা থেকেই সবুজ গাছ না কেটে, প্রকৃতিকে অক্ষত রেখেই তৈরি হয়েছে এই ব্যতিক্রমী আবাস।
এখানে এসে মানুষ প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে নিতে পারেন, নতুন শক্তি সঞ্চয় করতে পারেন। সঙ্গে পুকুরে মাছ ধরা কিংবা জৈব খামারের তাজা সবজি উপভোগ—সবই মিলছে এক ছাদের তলায়।বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে: ৯৪৭৪৮৭১৭৬২ নম্বরে।

