নিজস্ব প্রতিবেদক :
সকাল হোক বা বিকেল—দিনের নির্দিষ্ট সময়ে তিনি চলে যান তাঁর আদরের গাছেদের কাছে। কোন গাছ সতেজ, কোনটি যেন একটু বিমর্ষ—পাতা, ডালপালা আর গাছের সামগ্রিক চেহারা দেখেই তা বোঝার চেষ্টা করেন তিনি। তাঁর বিশ্বাস, যারা আন্তরিকভাবে গাছের যত্ন নেন, তারাই গাছের ভাষা বুঝতে পারেন। কারণ গাছ শুধু জল আর সারেই বাঁচে না, তারা চায় যত্ন আর ভালোবাসাও।

শিলিগুড়ির এস এফ রোডের বাসিন্দা কৌস্তভ বিশ্বাস এখন শহরে ছাদ বাগান চর্চার এক পরিচিত নাম। টবের মধ্যেই তিনি গড়ে তুলেছেন নানান ফুল, ফল ও সবজির সমাহার। বিশেষ করে বিভিন্ন প্রজাতির গোলাপ চাষে তাঁর দক্ষতা আলাদা করে নজর কাড়ে।
প্রতিবছর শিলিগুড়িতে আয়োজিত উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী-তে অংশ নিয়ে একাধিক পুরস্কার জিতে নেন তিনি। এবছরও তাঁর সাফল্যের ঝুলি ভরেছে নানা সম্মানে।কৌস্তভবাবুর লক্ষ্য একটাই—নতুন প্রজন্ম যেন সবুজের প্রতি আকৃষ্ট হয় এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসে। তাঁর মতে, বাড়ির ছাদ বা অল্প জায়গাকেও কাজে লাগিয়ে সবুজায়নের মাধ্যমে পরিবেশকে বাঁচানো সম্ভব। সবুজের সান্নিধ্যেই লুকিয়ে রয়েছে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ।

