নিজস্ব প্রতিবেদক :
প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলিগুড়ি সুভাষ পল্লীর ভিবজিওর ক্লাবে আয়োজিত হলো ফুলেশ্বরী নন্দিনীর বিশেষ অনুষ্ঠান। নানা সাংস্কৃতিক পরিবেশনা ও সংবর্ধনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নারী দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ফুলেশ্বরী নন্দিনীর প্রধান উপদেষ্টা সুহাস বসু এবং সংগঠনের সভাপতি অনন্যা ভাদুড়ী। তাঁদের বক্তব্যে নারী শক্তির বিকাশ ও সমাজে নারীদের অবদানের কথা উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলরতন কাঞ্জিলাল।
উদ্বোধনী সংগীত ‘জাগো নারী জাগো…’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বুলবুল বোস ও লিপি মুখার্জী। এরপর একটি মাসিক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারী দিবসের বিশেষ সম্মাননা প্রদান। এ বছর ফুলেশ্বরী নন্দিনীর পক্ষ থেকে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার শুভ্রা মজুমদারকে সম্মান জানানো হয়। প্রায় তিন দশক ধরে টিউশন পড়িয়ে নিজের ভাইকে নিয়ে সংসার চালিয়ে যাওয়ার সংগ্রামী জীবনের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
এরপর সংগীত পরিবেশন করেন সত্যজিৎ মুখার্জী, বাসুদেব ভট্টাচার্য এবং অমিতা দত্ত। পাশাপাশি কবিতা আবৃত্তি করেন রত্না ব্যানার্জী, কণিকা দাস, জবা তরফদার, চিত্রা ভৌমিক, প্রদীপ কুমার দাশ, শমিত বিশ্বাস ও বেবি কাঞ্জিলাল।
প্রতি বছরের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে ষাটোর্ধ্ব সদস্যাদের নারী দিবসের সম্মাননা প্রদান করা হয়। এ বছর সেই সম্মান পান চন্দনা সাহা, জবা তরফদার ও শুভ্রা চৌধুরী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ চৌধুরী, সমীর দাস এবং মৌসুমী মজুমদার। আর অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনানী বর্মন ও সমীর তরফদার।


