পরিবেশ, পরিকাঠামো ও শিক্ষার মানে মুগ্ধ শিক্ষা দপ্তর — মুরালীগঞ্জ হাইস্কুলকে সেরাদের তালিকায় রাখলেন আধিকারিকরা

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত মুরালীগঞ্জ হাইস্কুলকে রাজ্যের অন্যতম সেরা বিদ্যালয়ের মধ্যে একটি বলে উল্লেখ করলেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা দেবজ্যোতি বড়াল । একই সঙ্গে শিলিগুড়িতে নতুন জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়া কানাইলাল দে জানান, অতীতে তিনি মুরালীগঞ্জ হাইস্কুলের মতো এত সুন্দর ও সুশৃঙ্খল বিদ্যালয় খুব কমই দেখেছেন।

ভবিষ্যতে এই ধরনের বিদ্যালয়ের উন্নয়নে তিনি অবশ্যই সবরকম সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
শুক্রবার বিদ্যালয়টি পরিদর্শনে আসেন শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা দেবজ্যোতি বড়াল এবং দার্জিলিং জেলার ডি.আই. অফ স্কুলস কানাইলাল দে। বিদ্যালয়ের পরিবেশ, পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থা ঘুরে দেখে তাঁরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

বর্তমানে স্কুল চত্বরটি নানা রঙের ফুলের টবে সজ্জিত। টবভর্তি ফুটন্ত ফুলে চারপাশের পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এমন মনোরম পরিবেশ যে কারও মনকে মুহূর্তে আকৃষ্ট করে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোও তাঁদের দৃষ্টি কেড়েছে।

পরিদর্শনের সময় তাঁরা স্কুলের গিটার ক্লাস ঘুরে দেখেন এবং কম্পিউটার ল্যাবও পরিদর্শন করেন। ছাত্রছাত্রী সহ অন্য সকলের সঙ্গে কথা বলেন। আধুনিক শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক চর্চার এই সমন্বয় তাঁদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা যখন বিদ্যালয় পরিদর্শন করে এমন প্রশংসা করেন, তখন শিক্ষকমণ্ডলী ও বিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত সকলের দায়িত্ববোধ আরও বেড়ে যায়। এই ধরনের মন্তব্য তাঁদের ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।