নিজস্ব প্রতিবেদন :
নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে সুস্থ ও সচেতন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—এই বিশ্বাস থেকেই নতুন প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতি ও নাট্যচর্চা ছড়িয়ে দিতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম। সেই লক্ষ্যেই শহরের নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনগুলির জন্য একটি বিশেষ মহড়া কক্ষের উদ্বোধন করা হলো।

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কে অবস্থিত রবীন্দ্র মঞ্চে নতুন করে তৈরি করা “মহড়া কক্ষ”-এর শুভ উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । অনুষ্ঠানে শহরের বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরনিগম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন নাট্যগোষ্ঠী মহড়ার জন্য উপযুক্ত জায়গার অভাব অনুভব করছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই মহড়া কক্ষ তৈরি করা হয়েছে, যাতে নাট্যকর্মীরা নিয়মিত অনুশীলন করতে পারেন এবং নতুন নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিতে সুবিধা পান।
অনুষ্ঠানে উপস্থিত নাট্যপ্রেমীরা জানান, নাটক মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে ইতিবাচক চিন্তা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। তাই নতুন প্রজন্মের মধ্যে নাট্যচর্চা বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।
মেয়র গৌতম দেব বলেন, শহরের সংস্কৃতি ও নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করতে পুরনিগম সবসময়ই চেষ্টা করে চলেছে। ভবিষ্যতেও নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনগুলিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
নাট্যকর্মীদের মতে, এই মহড়া কক্ষ চালু হওয়ায় শহরের নাট্যচর্চা আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের অনেক তরুণ-তরুণী থিয়েটারের প্রতি আকৃষ্ট হবে। ফলে শিলিগুড়ির সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সবাই।

