নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির। এই শিবিরকে কেন্দ্র করে বহু আবেদনকারী উপস্থিত হন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের একাধিক আধিকারিক।

শিবিরে আগত আবেদনকারীদের প্রথমে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের ভিত্তিতে অনেকের ক্ষেত্রেই সেখানেই দ্রুত প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে বহু মানুষকে আর আলাদা করে দফতরে দৌড়ঝাঁপ করতে হয়নি, এবং অযথা হয়রানির আশঙ্কাও অনেকটাই কমেছে।
পুরনিগমের এই উদ্যোগে উপকৃত হয়েছেন বহু মানুষ। শিবিরে আসা অনেক আবেদনকারী জানান, এক জায়গায় চিকিৎসা পরীক্ষা ও শংসাপত্র পাওয়ার সুযোগ হওয়ায় তাঁদের অনেকটাই সুবিধা হয়েছে।এদিন মেয়র গৌতম দেব বলেন, প্রতিবন্ধী মানুষদের সুবিধার কথা মাথায় রেখেই পুরনিগম নিয়মিত এই ধরনের ক্যাম্পের আয়োজন করছে।
অনেক মানুষের বাস্তব পরিস্থিতি কাছ থেকে দেখলে মন ভারাক্রান্ত হয়ে যায়। তাই যাঁদের চিকিৎসার প্রয়োজন, তাঁদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা করা পুরনিগমের অন্যতম লক্ষ্য বলেও তিনি জানান।
পুরনিগমের এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

